tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে রাশিয়া, সংঘাতে নতুন মোড়

মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে রাশিয়া, সংঘাতে নতুন মোড়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরানের পাশে দৃঢ়ভাবে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। মস্কোয় গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর অনুষ্ঠিত এই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথমবারের মতো সরাসরি দৃশ্যমান ভূমিকা রাখলেন পুতিন।

বৈঠকে পুতিন ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, কঠিন এই সময় অতিক্রম করে ইরান শান্তির পথে এগিয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া ইরানসহ এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, মস্কোর অবস্থান সম্পর্কে তেহরান অবগত রয়েছে। এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৈঠকে আরাঘচি তেহরানকে সমর্থন দেওয়ার জন্য মস্কোকে ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অবস্থান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হবে। গোলটেবিল বৈঠকে তিনি উল্লেখ করেন, বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে যে রাশিয়ার মতো শক্তিশালী মিত্র ইরানের পাশে রয়েছে।

বৈঠকের ছবিতে দেখা যায়, পুতিন ও আরাঘচি করমর্দন ও আলোচনা করছেন। এতে দুই দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান ইগর কস্তিউকভ বৈঠকে অংশ নেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, বৈঠকে তেহরান ও মস্কোর কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতার একটি বার্তাও পৌঁছে দেন আরাঘচি।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের জন্য পাকিস্তান গত এক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত শান্তি আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। এই প্রেক্ষাপটে পাকিস্তান সফর শেষে রাশিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া যুদ্ধ চলাকালে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। যদিও মস্কো এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া ইরানকে ড্রোন সরবরাহ এবং সামরিক সহায়তায় সম্মত হয়েছে বলে দাবি করা হয়। তবে রাশিয়ার দাবি, তারা কেবল রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষেই কাজ করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হতে পারে, তবে তা সরাসরি বৈঠকের পরিবর্তে ফোনে হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ইরান চাইলে আলোচনায় অংশ নিতে পারে। ট্রাম্প আরও উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো আপস হবে না। তবে তিনি এটিও বলেন, পরিস্থিতি যেন আবার পূর্ণমাত্রার সংঘাতে রূপ না নেয়, সে বিষয়েও যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে।