ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে টানা কয়েক দিনের সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বিমানবাহিনীর অধিভুক্ত নাইন্থ এয়ার ফোর্স বা অ্যাফসেন্ট এই আকাশভিত্তিক মহড়া পরিচালনা করছে।
এক বিবৃতিতে অ্যাফসেন্ট জানায়, মহড়ার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েনের সক্ষমতা যাচাই করা এবং যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোও এই মহড়ার উদ্দেশ্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহড়ার অংশ হিসেবে মার্কিন বাহিনী বিভিন্ন জরুরি ঘাঁটিতে ছোট ও দক্ষ সহায়ক দল মোতায়েন করবে। পাশাপাশি দ্রুত বিমান ওঠানামা এবং লজিস্টিক সক্ষমতাও পরীক্ষা করা হবে। সব কার্যক্রমই স্বাগতিক দেশগুলোর অনুমোদন এবং বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে মহড়া শুরুর এক দিন আগে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এর ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হয়েছে।



