ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজাকে ঘিরে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, জানাজায় ইরানের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে উপস্থিত থাকায় চাইলে যুক্তরাষ্ট্র মাত্র ‘একটি গুলির’ মাধ্যমেই তাদের সবাইকে হত্যা করতে পারত। একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি ধারণা করেছিলেন ইরানিরা খামেনিকে ঘৃণা করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা সবাই সেখানে (জানাজায়) উপস্থিত ছিল। মাত্র একটি গুলিতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না। তারা এখন সমঝোতার জন্য মরিয়া।’
শনিবার (৪ জুলাই) তেহরানে অনুষ্ঠিত খামেনির জানাজায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। হয়তো এগুলো তাদের মেকি কান্না।’
ট্রাম্প আরও দাবি করেন, খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলোচনায় এক সপ্তাহের বিরতি দিতে সম্মত হয়েছে। এই সময়ে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষায়, ‘আমরা ভেনিজুয়েলাকে একদিনে হারিয়েছি এবং ইরানকেও কঠিন চাপে ফেলেছি। আমরা দয়ালু বলেই জানাজার আনুষ্ঠানিকতার জন্য তাদের এক সপ্তাহ সময় দিয়েছি।’
প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন। একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে ইসলামি রীতি অনুযায়ী দ্রুত দাফন সম্ভব না হওয়ায় তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়।
অবশেষে ৪ জুলাই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী ৭ জুলাই তেহরানের দক্ষিণে পবিত্র শহর কোমে ধর্মীয় আচার পালনের পর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে নিজের বাবার জানাজা ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ হাকিম এলাহির মতে, ইসরায়েলের সম্ভাব্য হামলা ও নজরদারির ঝুঁকির কারণে মোজতবার প্রকাশ্যে উপস্থিত হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সূত্র: এনডিটিভি



