ভেনেজুয়ায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২ হাজার ৯৮০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা হয়েছে। সুইজারল্যান্ডের ৮০ সদস্যের বিশেষ উদ্ধারকারী দল, মেক্সিকোর ত্রাণকর্মীসহ কয়েকটি দেশের উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনেজুয়ায় পৌঁছেছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম তদারকিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তাও দায়িত্ব পালন করছেন।
রাজধানী কারাকাস এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধসে পড়া ভবনগুলোতে স্থানীয় উদ্ধারকর্মীরা দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। এরই মধ্যে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুটি প্রধান হাসপাতাল রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জাম ও জরুরি স্বাস্থ্যসেবারও তীব্র সংকট দেখা দিয়েছে।
বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ার ফলেই এই ভূমিকম্পের উৎপত্তি। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার প্রভাষক ড. অ্যামি গিলিগান বলেন, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা পাঠিয়েছে।
এ ছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর ও নেদারল্যান্ডস থেকেও অতিরিক্ত উদ্ধারকারী দল ভেনেজুয়ায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, “এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করে তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে কাজ করছি।”



