tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনভালো গল্প না পাওয়ায় সিনেমা থেকে দূরে পূর্ণিমা

ভালো গল্প না পাওয়ায় সিনেমা থেকে দূরে পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জানিয়েছেন, অভিনয় থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ ভালো গল্পের অভাব। নতুন সিনেমার প্রস্তাব পেলেও নিজের চরিত্র ও গল্পে সন্তুষ্ট হতে না পারায় বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না তাকে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রচারিত হয়েছে পূর্ণিমা অভিনীত আলোচিত সিনেমা ‘সুভা’। প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত এ সিনেমা মুক্তির দুই দশকের বেশি সময় পর আবারও দর্শকের সামনে এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সুভা’ সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, “সেই সূত্রে ২১ বছর! মনে হচ্ছে এই তো সেদিন।” তিনি জানান, সিনেমাটি তার অভিনয়জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ।

পূর্ণিমা বলেন, বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সাহিত্যনির্ভর কিছু সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’ সিনেমায় কাজ তাকে একজন অভিনেত্রী হিসেবে নতুনভাবে নিজেকে আবিষ্কারের সুযোগ দিয়েছে।

নতুন সিনেমায় অনুপস্থিতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি তো সিনেমায় অভিনয় করতে চাই। আজ আমি যা, সবকিছু এই অঙ্গন থেকেই এসেছে। কিন্তু নতুন সিনেমার প্রস্তাব এলেও কনভিন্স হওয়ার মতো গল্প পাচ্ছি না।”

তিনি জানান, সিনেমার ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচালকের ভাবনা, গল্পের মান এবং চরিত্রের গুরুত্ব। দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায় রেখে তাকে সময়োপযোগী চরিত্রে উপস্থাপন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহের কথা জানিয়ে পূর্ণিমা বলেন, দর্শক তাকে সবসময় রোমান্টিক ও নায়িকা ইমেজে দেখেছেন। তবে এখন তিনি নেতিবাচক বা ভিলেন ধরনের চরিত্রে অভিনয় করতে চান। এমন একটি চরিত্রে কাজ করতে চান, যা দেখে দর্শকের মনে চরিত্রটির প্রতি ঘৃণা তৈরি হবে।

দেশীয় সিনেমায় গল্প বলার স্বাধীনতা নিয়েও কথা বলেন পূর্ণিমা। তার মতে, অতিরিক্ত কাটছাঁটের কারণে অনেক সময় নির্মাতারা তাদের ভাবনা অনুযায়ী গল্প উপস্থাপন করতে পারেন না।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বাস্তব ঘটনা নিয়ে সাহসী সিনেমা নির্মাণ হচ্ছে, যা দর্শকদের প্রশংসা পাচ্ছে। বাংলাদেশেও অসংখ্য সত্য ঘটনা রয়েছে, যেগুলো নিয়ে ভালো সিনেমা তৈরি করা সম্ভব। কিন্তু গল্প বলার স্বাধীনতার সীমাবদ্ধতার কারণে অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী সেই সুযোগ পাচ্ছেন না।