ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
পোস্টে জামায়াত আমির বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না।
ডা. শফিকুর রহমান লেখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়।
তিনি আরও জানান, আলোচনার সময় তিনি তাদের বলেন—যেসব কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সে তথ্য আগেই প্রকাশ করা হয়েছে এবং তাদের সাক্ষাৎও প্রকাশ্যে আনার ইচ্ছা রয়েছে। তবে তখন ওই কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পরে তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে, এখানে গোপনীয়তার কিছু নেই।
জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার কোনো গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশে তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।



