পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে আলোচনা হয়েছে, এবং ভারতীয় হাইকমিশনারও এসেছিলেন। তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে বাংলাদেশি নাগরিকরা সহজে ভ্রমণ করতে পারেন। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি এখানে মন্ত্রী বা এমপি হিসেবে আসিনি, আপনারা আমাকে আপনারা বোন ও সন্তান হিসেবে দেখুন। সবসময় আপনাদের পাশে আছি। এখানে পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে; তাদের কিছুই অবশিষ্ট নেই। এটি একটি দুর্ঘটনা, কারও কোনো হাত নেই। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের নতুন সরকার গঠিত হয়েছে। আমরা আগে সরকারে না থাকলেও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ কিছু সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতেও আরও সহায়তা পাবেন। অগ্নিকাণ্ড থেকে শিখেছি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পর সহায়তা আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেন পরিবারগুলো নতুন করে জীবন শুরু করতে পারে।”
শান্তি ও সমর্থনের বার্তা দিয়ে তিনি যোগ করেন, “আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ তায়ালা আপনাদের পাশে আছেন, আমিও আছি। ভয় পাওয়ার কিছু নেই।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।



