গত বছরের ১২ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার শুনানিতে বিশেষ জজ আদালত-৪-এ হাজির ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই একই আদালতে আজ (সোমবার) আরেকটি মামলায় রায় ঘোষণা হলো, যেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক অভিযুক্ত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। পরে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে, সোমবার একই আদালতে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড, শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য ১৪ জন অভিযুক্তকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।



