দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী—
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা (বৃদ্ধি ১,৬৩৩ টাকা)
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা (বৃদ্ধি ১,৫৭৪ টাকা)
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা (বৃদ্ধি ১,৩৪১ টাকা)
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা (বৃদ্ধি ১,০৫০ টাকা)
এর আগে, ১৪ জুলাই বাজুস সোনার দাম কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এবার আবারও সব ধরনের সোনার গহনার দাম বাড়ানো হলো। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। আজ সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।



