অবশেষে শুটিংয়ের পথে এগোচ্ছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’। ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্বের কাজ শেষ করার পরই নতুন কিস্তির শুটিং শুরু করবেন রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘ব্রহ্মাস্ত্র ২’-এ দেব ও শিবা—দুই চরিত্রেই রণবীর কাপুরকে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে, দেবের স্ত্রী অমৃতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।
প্রথম পর্বে শিবার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা আলিয়া ভাটকে এবার তুলনামূলক ছোট পরিসরের ভূমিকায় দেখা যাবে। জানা গেছে, দ্বিতীয় কিস্তিতে আলিয়ার শুটিংয়ের জন্য নির্ধারিত হয়েছে প্রায় ২৫ দিন।
মূলত প্রথম সিনেমার শেষদিকে দেব ও অমৃতার অতীত জীবনের যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেটিকেই কেন্দ্র করে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর গল্প এগিয়ে যাবে। ফলে দ্বিতীয় পর্বে রণবীর ও দীপিকার চরিত্রই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির পুরো শুটিং শেষ করতে প্রায় ১২৫ দিন সময় লাগতে পারে। তবে দ্বিতীয় পর্বে আলিয়ার উপস্থিতি সীমিত হলেও ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরবেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র ৩’-এ দীপিকার পাশাপাশি আলিয়াকেও সমান্তরাল প্রধান চরিত্রে দেখা যেতে পারে।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমায় রণবীর ও আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়। অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ খান। সিনেমাটির সাফল্যের পর থেকেই পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
এদিকে বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজে। এতে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া আলিয়ার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে রয়েছে ‘আলফা’ এবং ইতালীয় থ্রিলার ‘দ্য হাউজমেড’-এর হিন্দি রিমেক। সব মিলিয়ে আগামী কয়েক বছরে বলিউডে আলিয়ার ব্যস্ততা আরও বাড়তে যাচ্ছে।



