নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু আব্দুল আহাদ মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব (রা.) থেকে হিফজ সম্পন্ন করে সে হাতিয়াবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।
আব্দুল আহাদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রেহানিয়া গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন। দ্বীপাঞ্চলের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এই শিশু অল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন হিফজ করে মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি হালিশহর নয়াবাজার বিশ্বরোডের মসজিদ গলিসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মাহফিলে আব্দুল আহাদ হিফজের আনুষ্ঠানিক শেষ সবক তিলাওয়াত করে শোনায়। এ সময় তার শুদ্ধ উচ্চারণ ও সুরেলা কণ্ঠ উপস্থিত আলেম-উলামা ও অতিথিদের মুগ্ধ করে। তার এই সাফল্যে উপস্থিত সবাই তাকে অভিনন্দন জানান।
মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা রাসেল আহমদ বলেন, আব্দুল আহাদের একাগ্রতা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মহান আল্লাহর রহমতের কারণেই এত অল্প সময়ে তার পক্ষে পুরো কুরআন হিফজ করা সম্ভব হয়েছে। তার এ অর্জন মাদ্রাসার জন্য যেমন গর্বের, তেমনি অন্যান্য শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণার।
হাতিয়ার এই ক্ষুদে হাফেজের অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যেও আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। মাত্র ৮ মাস ১০ দিনে ৩০ পারা কুরআন হিফজের এই কৃতিত্ব আব্দুল আহাদকে এলাকার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।



