tanaka
প্রচ্ছদখেলাইংলিশ তারকা ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভেড়াল আর্সেনাল

ইংলিশ তারকা ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভেড়াল আর্সেনাল

ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার এজরি কনসাকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে পেতে গানারদের খরচ হয়েছে ৫১ মিলিয়ন পাউন্ড। ইএসপিএনের তথ্য অনুযায়ী, চুক্তির শর্ত অনুযায়ী আরও ৪ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন হিসেবে পেতে পারে অ্যাস্টন ভিলা।

কনসাকে দলে ভেড়াতে এর আগে ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে অ্যাস্টন ভিলা। পরে দুই ক্লাবের মধ্যে কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত চুক্তিটি চূড়ান্ত হয়।

প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে এবার আরও ভালো করার লক্ষ্য নিয়ে স্কোয়াড শক্তিশালী করছে আর্সেনাল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রক্ষণভাগে কনসাকে যুক্ত করেছে মিকেল আর্তেতার দল।

তবে আজ রাতে কোভেন্ট্রি সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের জার্সিতে অভিষেক হচ্ছে না কনসার। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার তার পুরোনো ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেই নতুন দলের হয়ে প্রথমবার মাঠে নামতে পারেন তিনি। ফলে অভিষেক ম্যাচেই সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ইংলিশ ডিফেন্ডারের।

২০১৯ সালে ব্রেন্টফোর্ড থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর টানা সাত মৌসুম ক্লাবটির হয়ে খেলেছেন কনসা। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ অভিযানে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।

জাতীয় দলেও কনসার গুরুত্ব বেড়েছে। ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শেষ পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় হয়ে আসর শেষ করে ইংল্যান্ড।

অন্যদিকে কনসাকে হারিয়ে অ্যাস্টন ভিলাও পড়েছে বড় চাপে। এর আগে মর্গান রজার্স ও ইউরি টিয়েলেমান্সও ক্লাব ছেড়েছেন। ফলে একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে নতুন মৌসুম শুরুর আগে স্কোয়াড পুনর্গঠনের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভিলা।