সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করার কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, ডিবি কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে দুপুরে আদালতে তোলা হবে। তবে তার রিমান্ড চাওয়া হবে কি না এখন পর্যন্ত সে সিদ্ধান্ত হয়নি।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, রাজধানীর উত্তরা, বনানী ও রংপুর থানায় শিরীন শারমিনের বিরুদ্ধে জুলাই সংক্রান্ত মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত পরে জানানো হবে।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী-এমপিদের কেউ কেউ গ্রেফতার হন। তবে শিরীন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি।



