সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড পরিমাণ আমানতের ওপর ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে নতুন রেকর্ড ৭৪০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে রুপির অবস্থানও শক্তিশালী হচ্ছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটির স্বর্ণের মজুদ বেড়ে ১১৬ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গত জুনে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণের সুযোগ এবং ব্যাংকগুলোর জন্য বিনামূল্যে হেজিং সুবিধা চালু করে ভারত। এসব সুবিধার পর বৈদেশিক তহবিলের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল পেয়েছে। এর মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলার এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে।
এই বিপুল অর্থপ্রবাহের প্রভাবে চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩৭৭৫-এ উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক আর্থিক সংস্থা এইচএসবিসি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই শক্তিশালী প্রবৃদ্ধি আরবিআইকে ভবিষ্যতে বাজারের অস্থিরতা মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে। বিশেষ করে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতে এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



