tanaka
প্রচ্ছদখেলাবিশ্বকাপ প্রস্তুতিতে মেক্সিকোতে ইরান ফুটবল দল

বিশ্বকাপ প্রস্তুতিতে মেক্সিকোতে ইরান ফুটবল দল

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার আগে চূড়ান্ত প্রস্তুতি ও অনুশীলনের জন্য দলটি মেক্সিকোতে অবস্থান করছে।

দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বিমান থেকে নামেন অধিনায়ক এহসান হাজসাফি। সাদা টি-শার্টের ওপর নীল ব্লেজার পরিহিত পুরো দলকে তিনি নেতৃত্ব দেন। মেক্সিকান কর্তৃপক্ষের সংক্ষিপ্ত নিরাপত্তা পরীক্ষা শেষে খেলোয়াড়রা সরাসরি বাসে ওঠেন। টিজুয়ানা বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ প্রায় ২০ জন ইরানি সমর্থক জাতীয় পতাকা নেড়ে দলকে স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ও জটিলতা দেখা দেয়। এর পেছনে ইরান-ইসরাইল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে নির্ধারিত প্রাথমিক প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় স্থানান্তর করা হয়। এর আগে দলটি তুরস্কের আন্টালিয়ায় অনুশীলন করছিল এবং সেখান থেকে একটি চার্টার্ড ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছে।

চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের টুর্নামেন্টে অংশগ্রহণ ‘উপযুক্ত’ বলে তিনি মনে করেন না।

তবে ট্রাম্পের মন্তব্যের পরদিনই ইরান জাতীয় দলের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বা অংশগ্রহণে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। সব বিতর্ক ও বাধা পেরিয়ে এখন বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

সূত্র: আল-জাজিরা।