জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে পরাজিত ও বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো চায় সরকার দ্রুতই পতিত হোক। তবে সংবিধান অনুযায়ী গঠিত সরকার তার নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেই পরবর্তী নির্বাচনের দিকে অগ্রসর হবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক ধারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন নাগরিক ফোরামের উদ্যোগে স্থানীয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
স্পিকার বলেন, তিনি সংবর্ধনা নিতে আসেননি, বরং এ অঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এসেছেন। নির্বাচনের প্রায় দুই মাস পর এলাকায় ফিরে আসার উদ্দেশ্য ছিল জনগণের ভালোবাসার প্রতিদান দেওয়া।
তিনি আরও বলেন, স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তার ব্যস্ততা অনেক বেড়েছে। সংসদে রাজনৈতিক দলগুলো আইন প্রণয়ন করে এবং তিনি নিরপেক্ষভাবে তা পরিচালনা করেন। ন্যায়বিচার ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।
এ সময় ভোলা-বরিশাল সেতু নির্মাণকে দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগের কথাও জানান।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপনের জন্য তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি মাওলানা আওয়াল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



