tanaka
প্রচ্ছদরাজনীতিবিদেশি বিনিয়োগে ১.৫ শতাংশ ইনসেনটিভের ঘোষণা

বিদেশি বিনিয়োগে ১.৫ শতাংশ ইনসেনটিভের ঘোষণা

দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশি কিংবা বিদেশি নাগরিক কেউ দেশে বিনিয়োগ আনলে সেই বিনিয়োগের বিপরীতে ১ দশমিক ৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন দেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই প্রণয়ন করা হচ্ছে। ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা কিংবা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনের পতনের পর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত ও প্রকৃত ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ৯ শতাংশ সুদে ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনায় রয়েছে। সুদের হার কমালে যদি বিনিয়োগ ও অর্থনীতি উপকৃত হয়, তাহলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

এ সময় তিনি বলেন, সরকার দেশের সার্বিক ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ, ক্ষুদ্র কৃষিঋণ মওকুফ, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী অর্থবছরে দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু, হাই-টেক পার্ক কার্যকর করা, পেপ্যাল সেবা চালুর উদ্যোগ এবং সারা দেশে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই সরকারের মূল লক্ষ্য।