-
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর খবরে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এসব তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা হলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হচ্ছে। কখনো বিভিন্ন পেশার ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের বিয়ের প্রসঙ্গে পূজা জানান, তিনি আগেই জানিয়েছিলেন যে তার বাগদান হয়েছে এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। তবে এখনো তার বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে জানাবেন বলেও স্পষ্ট করেন এই অভিনেত্রী।
ক্যামেরার সামনে বর্তমানে কম দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পূজা। তিনি জানান, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত ক্যামেরার সামনে তার উপস্থিতি কম।
ভিত্তিহীন সংবাদ প্রকাশকারীদের উদ্দেশে পূজা বলেন, তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য খবর প্রকাশের উদ্দেশ্য তার বোধগম্য নয়। তিনি আবারও পরিষ্কার করে জানান, “আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে পূজা বলেন, অনুমতি ছাড়া ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে। নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষায় প্রয়োজন হলে তিনি আইনগত অধিকার প্রয়োগ করবেন।
সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতাকে যেন কেউ ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার না করেন।



