জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ অনুযায়ী গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আনম খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মো. নাজমুন হক, উপসচিব মো. ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মো. ওহিদুজ্জামান এবং উপপরিচালক মো. আলী আকবর অংশ নেন।
সভায় শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান। পরে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ এবং গবেষণা নীতিমালার আওতায় গবেষণা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
গবেষণার প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সভায় আলোচনা করা হয়। পাশাপাশি জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষণার আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।
সভায় গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকর সংসদীয় কমিটি ব্যবস্থা: বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা; Post-legislative scrutiny: বাংলাদেশের প্রয়োজনীয়তা ও কাঠামো; জনগণের সঙ্গে সংসদের সংযোগ: বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায়; এবং Public Accounts Committee-এর সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।
এ ছাড়া গবেষণা প্রস্তাব আহ্বানের লক্ষ্যে বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



