tanaka
প্রচ্ছদরাজধানীবিমানমন্ত্রীর গাড়ি উল্টো পথে, ট্রাফিক আইনে মামলা

বিমানমন্ত্রীর গাড়ি উল্টো পথে, ট্রাফিক আইনে মামলা

উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, মন্ত্রীর গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ট্রাফিক কর্মকর্তারা জানান, উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইন ও বিধিমালার লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধেও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

পরে খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের। ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তাদের দাবি, দেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার অভিযোগ গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির নেই।

এদিকে মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার খবর ছড়িয়ে পড়লে সচিবালয়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। এমনকি যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছে। সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে—এটি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য ট্রাফিক আইন মেনে চলার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।