tanaka
প্রচ্ছদজাতীয়আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, অপরাধ দমনে পুলিশকে দুষ্টের প্রতি কঠোর এবং শিষ্টের প্রতি ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা ও প্রচারণা চালাতে হবে।

বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করলে তিনি আইজিপিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।