tanaka
প্রচ্ছদজাতীয়বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধ এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত জ্ঞান অর্জন করানো জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: বাসস