tanaka
প্রচ্ছদসারাদেশবিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চাকরিবিধি যুগোপযোগী করতে ১০ সদস্যের কমিটি

বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চাকরিবিধি যুগোপযোগী করতে ১০ সদস্যের কমিটি

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির অভিন্ন চাকরিবিধি সংশোধন ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ।

কারা থাকছেন কমিটিতে

অফিস আদেশ অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন কোম্পানি অ্যাফেয়ার্স, উন্নয়ন-১, পলিসি রিফর্ম ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালক।

এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি কমিটিতে যুক্ত থাকবেন।

বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানি থেকেও নির্বাহী পরিচালক পর্যায়ের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, সিপিজিসিবিএল, বিআরপিএল, এপিসিএল ও আরপিসিএল।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।

২০১৬ সালের গাইডলাইন পর্যালোচনা

কমিটির প্রধান কাজ হবে বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্, ২০১৬’ পর্যালোচনা করা। এ ক্ষেত্রে কোম্পানি আইন-১৯৪ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে গাইডলাইনটি বর্তমান সময়ের উপযোগী করার বিষয়েও কাজ করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত বা কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

কেন সংশোধন করা হচ্ছে

বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে চাকরির শর্ত, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য বজায় রাখতে অভিন্ন চাকরিবিধি গুরুত্বপূর্ণ। তবে ২০১৬ সালে প্রণীত গাইডলাইনটির পর থেকে বিভিন্ন আইন, বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন এসেছে।

এসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো চাকরিবিধি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্যই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।