tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। দলটির কয়েকজন নেতা ইতোমধ্যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজয়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি তুলেছেন। বিভিন্ন জায়গায় ‘বিজয়ের জন্য প্রধানমন্ত্রী’ লেখা পোস্টারও দেখা গেছে।

এ নিয়ে ক্ষমতাসীন জোটে অস্বস্তি তৈরি হয়েছে। কংগ্রেসের পর্যটনমন্ত্রী রাজেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৯ সালের নির্বাচনে টিভিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন না করলে কংগ্রেসের দুই মন্ত্রী পদত্যাগ করবেন। তিনি বলেন, কংগ্রেসের নেতা রাহুল গান্ধীই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

টিভিকে নেতা আধার অর্জুন ও শরৎকুমারসহ কয়েকজন বিজয়ের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এসেছে।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে ১০৭টি আসন পাওয়ার পর কংগ্রেসের পাঁচ বিধায়ক, ভিসিকে ও আইইউএমএলসহ মিত্রদের সমর্থনে সরকার গঠন করেছে। কংগ্রেসের সমর্থন প্রত্যাহার হলে সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।

এদিকে, বিজয়ের আরেক মিত্র এমডিএমকে প্রধান ভাইকো রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন। তার দাবি, জাতীয় পর্যায়ে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে কংগ্রেস থাকায় রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবার সুযোগ নেই।

তবে টিভিকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মুখ্যমন্ত্রী বিজয়ও পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। ফলে বিজয়কে ঘিরে জাতীয় রাজনীতির এই দাবি তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।