জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর কি ২০২৪ সালের কথা মনে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় আপনারা রক্ত দিয়েছেন। আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি কি পূরণ হয়েছে? হয়নি। সেই দাবি পূরণ করতেই আমরা রাস্তায় নেমেছি এবং দাবি আদায় করেই ঘরে ফিরব।
ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ‘ঢাকা টু চট্টগ্রাম’ লংমার্চ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ’২৪-এর চার্টার বাস্তবায়ন, আপনাদের কাছে জুলাইয়ের চেতনা ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো জ্বালানোর ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, ১১ দল আপনাদের পাশে আছে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস ও চেষ্টা সফল হবে এবং আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এই লংমার্চ আজ শুরু হলেও এখানেই শেষ নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতি।
এ ছাড়া এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।



