বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই মহাসচিবের পদটি শূন্য ছিল।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১৫ আগস্ট তাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন তিনি। সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কুড়িগ্রামে জন্ম নেওয়া রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার।
ছাত্রজীবনে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন রিজভী। পরে ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালের রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী।



