বার্সেলোনায় এক মৌসুম কাটানোর পর কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ধারে খেলতে গিয়ে ক্লাবটির হয়ে স্মরণীয় সময় কাটানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখন তিনি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন, যদিও তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও কাটেনি।
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন ২৮ বছর বয়সী রাশফোর্ড। লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন তিনি। তবে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে না রেখে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভেড়ায় বার্সেলোনা।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথা রয়েছে। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি এই ফরোয়ার্ডের।
ইনস্টাগ্রামে দেওয়া বিদায়বার্তায় রাশফোর্ড লিখেছেন, “এখানে আমার সময়টাকে এত ইতিবাচক ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।”
রাশফোর্ডের পোস্টের জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট লিখেছে, “সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের একজন হয়ে থাকবে।”
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি। ২০২৪ সালের ডিসেম্বরের পর তিনি ইউনাইটেডের হয়ে আর মাঠে নামেননি। ওই মৌসুমের শেষভাগে অ্যাস্টন ভিলায় ধারে খেলেন তিনি। এরপর ২০২৫-২৬ মৌসুমে ধারে যোগ দেন বার্সেলোনায়। এক মৌসুম শেষে আবারও ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার অপেক্ষায় রয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।



