আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দের পরিমাণ টাকার অঙ্কে কিছুটা বাড়লেও মোট বাজেটে এর হিস্যা কমেছে। এমনকি টাকার হিসেবেও দুই বছর আগের তুলনায় কৃষিতে বরাদ্দ বড় অঙ্কে কমে যাচ্ছে। ফলে, আপেক্ষিক অর্থে কৃষিখাতে সরকারি বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি এবং কৃষিখাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রেক্ষাপটে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত ছিল। এ পরিস্থিতিতে কৃষিখাতে বরাদ্দ কমার প্রবণতা উদ্বেগজনক। কারণ, সম্প্রতি কৃষিখাতের প্রবৃদ্ধি কমেছে, খাদ্য মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়েছে এবং চাল, গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। কৃষিতে পর্যাপ্ত বিনিয়োগ না হলে উৎপাদন বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।তারা বলছেন, বাংলাদেশের কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। তাই, কেবল টাকার অঙ্কে নয়, মোট বাজেটের অনুপাতে কৃষিখাতের বরাদ্দ বাড়ানোর দিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন। অন্যথায় উৎপাদন ব্যয় বৃদ্ধি, খাদ্য মূল্যস্ফীতি এবং কৃষিখাতের স্থবিরতা আরও প্রকট হতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার পরিকল্পনাকে সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কাঠামো সাজানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে।এই বাজেটে যে ১০টি মন্ত্রণালয় বা বিভাগকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে তার তালিকায় রয়েছে কৃষি মন্ত্রণালয় এবং টাকার অঙ্কে বরাদ্দের পরিমাণও বাড়ানো হচ্ছে। তবে, কৃষিখাতে প্রণোদনা অপরিবর্তিত রাখা হচ্ছে। চলতি বছরের মতো আগামী অর্থবছরেও কৃষিখাতের জন্য প্রণোদনা রাখা হচ্ছে ১৭ হাজার কোটি টাকা।
সূত্রটি জানিয়েছে, আগামী অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ে জন্য ২৮ হাজার ৭৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় বা বিভাগের তালিকায় ৮ নম্বরে থাকছে কৃষি মন্ত্রণালয়। চলতি অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ হাজার ২২৪ কোটি টাকা। অর্থাৎ, টাকার অঙ্কে আগামী অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৫২ কোটি টাকা।
তবে, বাজেটের মোট আকারের শতাংশের হিসেবে চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে। চলতি বছরের মোট বাজেটের ৩ দশমিক ৪৫ শতাংশ কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে তা কমে দাঁড়াবে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। অর্থাৎ, বাজেটের আকার হিসাবে আগামী অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে দশমিক ৩৮ শতাংশ।



