বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
ইসি সচিব আরও জানান, দুই আসনের ভোটগ্রহণ ৯ এপ্রিল সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গণভোট প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, বগুড়া-৬ আসনে পূর্বে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তবে শেরপুর-৩ আসনে এর প্রয়োজন নেই। কারণ, গণভোটের যে পার্থক্য রয়েছে, তাতে এখানে গণভোট না হলেও কোনো সমস্যা হবে না।
ঘোষিত তফশিল অনুযায়ী, এই দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত, এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।



