tanaka

৪৫ সেকেন্ডের পর এবার পাঁচ মিনিটের ভিডিও, আলোচনায় পাভেল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার তার...
প্রচ্ছদখেলাফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফ্রান্সের কোচ হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই নিজের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন জিনেদিন জিদান। দিদিয়ে দেশমের ১৪ বছরের মেয়াদে চালু থাকা বেশ কিছু নিয়মে পরিবর্তন আনছেন নতুন কোচ। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসছে সংবাদমাধ্যমের সঙ্গে জাতীয় দলের যোগাযোগের ক্ষেত্রে।

জিদানের অধীনে প্রথমবার ফ্রান্সের স্কোয়াড ঘোষণার সময়ই নতুন নীতির বাস্তবায়ন দেখা যাবে। দেশমের সময়ে দল ঘোষণার সংবাদ সম্মেলনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরা প্রবেশের সুযোগ থাকলেও এবার তা থাকছে না। পুরো আয়োজন ধারণ ও সরাসরি সম্প্রচারের দায়িত্ব থাকবে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নিজস্ব অফিসিয়াল চ্যানেলগুলোর হাতে।

জাতীয় দলের ক্ল্যারফোঁতেন ট্রেনিং সেন্টারেও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কমানো হচ্ছে। দেশমের সময়ে খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরাসরি ছবি ও ভিডিও ধারণের সুযোগ ছিল। জিদানের আমলে সেই সুযোগ আর থাকছে না।

এখন থেকে খেলোয়াড়দের ক্যাম্পে প্রবেশের ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ এবং বিতরণের দায়িত্ব থাকবে এফএফএফের হাতে। তবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করছেন না জিদান। প্রশিক্ষণ ক্যাম্প চলাকালে সাংবাদিকদের সঙ্গে খেলোয়াড়দের কথা বলার জন্য বিশেষ ‘মিক্সড জোন’ চালু করা হবে। দেশমের সময়ে এমন সুযোগ তুলনামূলকভাবে সীমিত ছিল।

জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে কোনো একক সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন জিদান। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে পুরো ক্যারিয়ারেই তুলনামূলকভাবে আড়ালে থাকার যে নীতি অনুসরণ করেছেন, কোচ হিসেবেও সেটিই ধরে রাখতে চান তিনি।

তবে সংবাদমাধ্যম থেকে পুরোপুরি দূরে থাকছেন না জিদান। শুক্রবার দল ঘোষণার পর থেকে আগামী ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত মোট আটটি সংবাদ সম্মেলনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। জিদান যুগের প্রথম ম্যাচে ২৫ সেপ্টেম্বর তুরস্কের মুখোমুখি হবে ফরাসিরা। এরপর আরও একটি অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলবে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেরা।

আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুটি ম্যাচ অবশ্য ঘরের মাঠে খেলবে ফ্রান্স। স্টাদ দ্য ফ্রান্সে তাদের প্রতিপক্ষ হবে ইতালি ও বেলজিয়াম।