tanaka
প্রচ্ছদজাতীয়প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নতুন উদ্যোগ

প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নতুন উদ্যোগ

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকেই প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি বিষয়ে পরামর্শ পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা জোরদারে প্রণীত এই কর্মসূচি স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন করা হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো এক চিঠিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসার মানোন্নয়নে একাধিক নতুন পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়। রূপরেখাটি অনুমোদিত হলে তৃণমূল পর্যায়ে দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

নতুন পরিকল্পনার আওতায় বিদ্যমান কৃমিনাশক ট্যাবলেট বিতরণ, ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ ও নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।

রূপরেখা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নতমানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা পরিমাপের যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং রক্তে শর্করা পরীক্ষার যন্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা প্রদানের বিষয়টি রূপরেখায় গুরুত্ব পেয়েছে। কোনো শিক্ষার্থী বা শিক্ষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে অথবা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তাবও রাখা হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

উপসচিব রওশন আরা পলি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং পুষ্টি শিক্ষার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।