দেশীয় উৎপাদন ও এলপিজি গ্যাস আমদানিতে ভ্যাট কমিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জারি করা হয়।
এদিকে একই দিন থেকে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার এক নোটিশে সংগঠনটি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।
নোটিশে বলা হয়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমিতি তাদের দাবিগুলো তুলে ধরে। তারা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে সতর্ক করে সংগঠনটি।



