সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য কয়েকটি কঠোর নির্দেশনা জারি করেছে।
পরীক্ষার সময়সূচি
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য ৫টি জরুরি নির্দেশনা
১. কেন্দ্রে প্রবেশের সময়সীমা
পরীক্ষা বিকাল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অজুহাতেই প্রবেশের সুযোগ থাকবে না।
২. কান উন্মুক্ত রাখা বাধ্যতামূলক
ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হতে পারে।
৩. নিষিদ্ধ সামগ্রী বহন সম্পূর্ণ নিষেধ
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, সাধারণ হাতঘড়ি, পার্সসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ। এসব সামগ্রীসহ ধরা পড়লে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪. প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে
পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।
৫. কঠোর নিরাপত্তা ব্যবস্থা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।
এ ছাড়া নিয়োগের নামে কোনো প্রতারক বা অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।



