tanaka
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার সৌদি সফর স্থগিত

প্রধান উপদেষ্টার সৌদি সফর স্থগিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির ব্যস্ততার কারণেই সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয় এবং প্রাথমিক সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে আপাতত সফরটি স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সম্মেলনকে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে ধরা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।