tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর চূড়ান্ত

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর চূড়ান্ত

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর থেকেই তার প্রথম বিদেশ সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। সম্ভাব্য গন্তব্য হিসেবে ভারত ও চীনের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মালয়েশিয়াকেই প্রথম সফরসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সরকার গঠনের পরপরই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সময়ে চীনও তারেক রহমানের সফর আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে আগামী ২১ জুন দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও এসব চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সফরের দ্বিতীয় দিন, ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সফরের কর্মসূচি ও আনুষ্ঠানিক সূচি চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে।

দ্বিতীয় বিদেশ সফর হতে পারে চীন

মালয়েশিয়া সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চলতি বছরের এপ্রিল থেকেই বেইজিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোর বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরেও প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ছিল অন্যতম আলোচ্য বিষয়।

সূত্র জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানান। এরই ধারাবাহিকতায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকে ঢাকায় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়। পরে ঢাকাস্থ চীনা দূতাবাস ২৩ থেকে ২৬ জুনের মধ্যে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের সম্ভাব্য সূচি উল্লেখ করে আরও একটি চিঠি পাঠিয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই সময়ের মধ্যেই তারেক রহমানের চীন সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।