tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআদালত চত্বরে সাংবাদিককে গালাগাল ও হুমকি দিলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগাল ও হুমকি দিলেন পরীমনি

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল করার পাশাপাশি দেখে নেওয়ার হুমকিও দেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের সঙ্গে পরীমনির এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশপাশে থাকা অন্য সাংবাদিকদের সামনেই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে খুঁজে বের করার দাবি জানান তিনি।

আদালত প্রাঙ্গণে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত অবস্থায় পরীমনি অন্য সাংবাদিকদের উদ্দেশে বলছেন, ‘তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা!’ এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায় তাকে।

এদিকে, একই দিন মামলায় স্বস্তি পেয়েছেন পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৪ নভেম্বর) মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় পরীমনির জামিন বাতিল করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত। পরদিন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন পাওয়ায় আপাতত ওই আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন অভিনেত্রী।

অন্যদিকে, আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ঘটনাটি নিয়ে নেটিজেনদের পাশাপাশি অভিনেত্রীর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।

এ মামলার অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।