রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কোরবানির পশুর বর্জ্য ও পূর্ব থেকে জমে থাকা ময়লা বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে আগেই দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কয়েকটি এলাকায় সেই নির্দেশনার বাস্তবায়নে ঘাটতি ধরা পড়ে।
পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লাও সড়কে পড়ে থাকতে দেখা যায়। এসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।



