বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। তবে অন্যান্য বছরের মতো এবার রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা হচ্ছে না। পদকপ্রাপ্তদের তালিকায় কয়েকজন ‘বিতর্কিত’ কর্মকর্তার নাম থাকায় শেষ মুহূর্তে শনিবার (৯ মে) এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পদকপ্রাপ্তদের তালিকায় থাকা অন্তত ছয়জন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, তাদের মৌখিকভাবে জানানো হয়েছে যে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পদক প্রদানের অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলেও তাদের অবহিত করা হয়েছে।
পদক প্রদান অনুষ্ঠান বাতিলের বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পদকপ্রাপ্তদের তালিকায় একাধিক বিতর্কিত সদস্যের নাম উঠে আসায় শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসে এবং অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হবে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ ‘বিপিএম-সেবা’ ও ‘পিপিএম-সেবা’ পদক প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।
এবার পুলিশের ১০৭ জন সদস্য পদকের জন্য মনোনীত হয়েছেন। তারা গত ২ মে থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পদক গ্রহণের প্যারেড প্রস্তুতিতে অংশ নিচ্ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, “নিয়ম অনুযায়ী পদকপ্রাপ্তদের নামে সরকারি আদেশ (জিও) জারি হতে হয়। কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত সেই জিও জারি হয়নি। জিও ছাড়া পদক প্রদান সম্ভব নয়।”
তবে পুলিশ সপ্তাহের অন্যান্য আয়োজন, প্যারেড ও কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে এবার ১০ থেকে ১৩ মে পর্যন্ত চার দিনব্যাপী পালিত হবে পুলিশ সপ্তাহ ২০২৬। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুষ্ঠানে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপ্তি ঘটবে।



