পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে এবং ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের জন্যই উদ্বেগের বিষয়। এ কারণে দেশজুড়ে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্যোগ
মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান আইনমন্ত্রী। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ক্রসফায়ারে যাবে না সরকার’
সন্ত্রাস দমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার নিশ্চিত করে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস মোকাবিলা করা হবে।
সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বয়স এখন ছয় মাস। রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, সেগুলো সমাধানে সরকারকে সময় দিতে হবে। তার ভাষায়, রাষ্ট্রব্যবস্থায় যে ‘পচন’ ধরেছে, তা নিরসনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



