গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দরপতন হলেও, দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহের প্রতিটি কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে শেয়ার দাম ৩২ শতাংশের ওপরে বেড়ে গেছে।
শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও মুন্নু সিরামিকের আর্থিক ভিত্তি খুব বেশি শক্তিশালী নয়। শেষ দুই বছরে কোম্পানিটি নামমাত্র লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ২৪ পয়সা।
এমন আয়ের বিপরীতে বর্তমান বাজারদর অনুযায়ী মূল্য আয় অনুপাত (পিই) দাঁড়িয়েছে ৩৩৫, যা বাস্তবতার বিচারে অত্যন্ত অস্বাভাবিক। সহজভাবে বলতে গেলে, বর্তমান আয়ের ধারা অপরিবর্তিত থাকলে একজন বিনিয়োগকারীর তার বিনিয়োগ করা মূলধন ফেরত পেতে সময় লাগবে ৩৩৫ বছর।
বাজার বিশ্লেষকদের মতে, এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে ‘বিশেষ চক্র’ বা সংগঠিত গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে। বিশেষ চক্রের ভূমিকা ছাড়া শেয়ারের এমন দাম বাড়া সম্ভব না। কারণ কোম্পানিটির আর্থিক ভিত্তি খুব বেশি শক্তিশালী নয়। কোম্পানিটি মুনাফায় থাকলেও তার পরিমাণ খুবই সামান্য। আবার লভ্যাংশের ইতিহাসও খুব একটা ভালো না। এমন একটি কোম্পানির শেয়ার দাম ১০০ টাকার ওপরে চলে যাওয়া কিছুতেই স্বভাবিক ঘটনা না।



