প্রথম নিউজ২৪, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে ফারুক (৩৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরের দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো। দগ্ধ আরেক জেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নৌকার মালিক মিরাজ উদ্দিন কবি বেপারী। নিহত ফারুকের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকায়। রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘দগ্ধ চার জেলের মধ্যে আমজাদ ও ফারক নামের দুজনের মৃত্যুর খবর পেয়েছি।’
এর আগে গত ৭ আগস্ট সকালে রামগতি মাছ ঘাট এলাকায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি দগ্ধদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ওইদিনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের।



