নেপালে আকস্মিক বন্যার নয় দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ত্রিশূলি-৩এ হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকারীরা।
উদ্ধার হওয়া দুজন হলেন প্রকল্পের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ ও মেকানিক্যাল সুপারভাইজার কবির মহার্জন। উদ্ধার অভিযানে যুক্ত প্রকৌশলী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা শ্রীরাম নেউপানে এ তথ্য জানিয়েছেন বলে দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার প্রথমে সঞ্জয় সাহকে টানেল থেকে বের করে আনা হয়। পরে উদ্ধার করা হয় কবির মহার্জনকে। টানেলের ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন—এমন তথ্য পাওয়ার পর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।
এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। পরে উদ্ধারকারীরা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। উদ্ধারকারীরা তাদের আশ্বস্ত করে জানান, তারা উদ্ধারের জন্য এসেছেন। এ সময় টানেলের ভেতর থেকেও সাড়া পাওয়া যায়।
ঘটনার পর টানেলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী অভিযান জোরদার করে।
গত ২৬ আগস্ট মধ্য নেপালের ত্রিশূলি নদী উপত্যকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হওয়ার পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে আসছে উদ্ধারকারী দল।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট



