tanaka
প্রচ্ছদসারাদেশপথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই পথচারী নারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসভবনে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনায় আহত পথচারী নারীকে শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পথচারী ফিরোজা বেগমও আহত হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।