tanaka
প্রচ্ছদসারাদেশরাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারে অপেক্ষা করলেও কখন বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, অনুমতি ছাড়া ‘রাব্বি পরিবহনের’ একটি বাস নাটোরে প্রবেশ করায় স্থানীয় মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহনের’ তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

তবে এরই মধ্যে বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

শুক্রবার সকাল থেকেই রাজশাহী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করায় ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

রংপুরগামী যাত্রী শাহানাজ বলেন, ‘রংপুর যাব। কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন, সড়কে সমস্যা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকার কথা তিনি শুনেছেন। নাটোরের ওপর দিয়ে যেসব বাস চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে। তিনি বাস টার্মিনালে গিয়ে বিষয়টি বিস্তারিত জানবেন।

অন্যদিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ দাবি করেন, ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। তিনি দ্রুত বিরোধের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন।

বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ রয়েছে। সেটি সমাধানের চেষ্টা চলছে। তবে হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণ তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।