tanaka
প্রচ্ছদজাতীয়নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।” শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টি (জাপা) প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাপা মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে।”

জাপা নিষিদ্ধ ঘোষণার দাবির বিষয়ে তিনি আরও বলেন, বিষয়টি আইনগতভাবে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এর আগে সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের দাবি, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে উসকানি দেন। অপরদিকে জাপার অভিযোগ, মিছিল নিয়ে এসে গণঅধিকার পরিষদের কর্মীরাই তাদের ওপর হামলা চালায়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর এবং আরও অন্তত ৫০ জন কর্মী। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।