রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেন, “‘তাকে জুলাই ভরে দেব’—এই ধরনের হুমকি দিয়েই নুরের ওপর হামলা চালানো হয়েছে। কারা এই হুমকির পেছনে থাকতে পারে, তা স্পষ্ট। হামলাটি উদ্দেশ্যমূলক ও পূর্বপরিকল্পিত।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি এখন স্পষ্টভাবে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে। একজন নুর যদি এমন হামলার শিকার হন, তাহলে সাধারণ কর্মীরা কতটা ঝুঁকিতে আছেন, তা সহজেই অনুমেয়।”
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক ও ডাকসু ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, “নুর বাংলাদেশের প্রতীকী সাহস। বিভিন্ন সময় তিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু বর্তমান ঘটনাটি আবারও প্রমাণ করে যে দমন-পীড়ন থেমে নেই। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় নিতে হবে।”
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, “এই ঘটনার পর জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণের অধিকার থাকা উচিত নয়। যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ছাত্ররা আবারও আন্দোলনে নামবে।”
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, “পুলিশের এই আচরণ নতুন কিছু নয়। তারা আগেও শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, আজও তার ব্যতিক্রম হয়নি।”
ছাত্রনেতা মাহিন সরকার বলেন, “যখন আমরা গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তখন নুর ভাই ছিলেন সামনে থেকে নেতৃত্বদানকারী একজন। ভবিষ্যতে আবারও যদি এমন হামলা হয়, তাহলে এর প্রতিক্রিয়া আরও প্রবল হবে।”
সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



