জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করে, তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, “বাংলাদেশ তখনই সংকটে পড়বে, যখন এখানে জনগণের অংশগ্রহণে গঠিত একটি গণতান্ত্রিক সরকার অনুপস্থিত থাকবে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা এক নয়। বিগত ১৫ বছর একটি সরকার ক্ষমতায় ছিল, যারা তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। এই সরকারই দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। শেখ হাসিনা নিজেকে গণবিরোধী ও ফ্যাসিবাদী শাসক হিসেবে প্রমাণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন গণহত্যা, লুটপাট ও দমন-পীড়নের নজির আর নেই।”
তিনি আরও বলেন, “বর্তমানে শেখ হাসিনা পলাতক অবস্থায় রয়েছেন এবং এমন এক দেশে আশ্রয় নিয়েছেন, যারা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছে ও বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শত্রুভাবাপন্নভাবে দেখছে, আর এখন তারা আওয়ামী লীগের মতো এক চিহ্নিত গণবিরোধী শক্তিকে আশ্রয় দিয়েছে। এটি বন্ধুত্বের মুখোশে গণতন্ত্রবিরোধী অবস্থান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই লুটেরা ও তাদের দোসরদের প্রতিহত করতে হবে। আমাদের সজাগ থাকতে হবে, নইলে জাতি বড় ক্ষতির সম্মুখীন হতে পারে।”
দুদু বলেন, “জনগণের ভোটে গঠিত সরকারই হবে প্রকৃত সরকার। যেকোনো ষড়যন্ত্র, টালবাহানা কিংবা মতলবী কার্যক্রমের মাধ্যমে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হলে, তা হবে রাষ্ট্র ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বেঁচে থাকলে, আমরা সবাই থাকব। থাকবে মুক্তিযুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের ঋণ। বাংলাদেশ তখনও থাকবে বিশ্বে একটি গর্বিত, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে।”
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, “দেশ ও স্বাধীনতা রক্ষায় আমাদের পরীক্ষিত নেতৃত্ব বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের সমর্থন জ্ঞাপন করতে হবে।”
সবশেষে তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষা করি, স্বাধীনতা রক্ষা করি, এবং পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, চালক দলের সভাপতি জসিম উদ্দীন কবির এবং জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।



