আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আচরণবিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না; কোনো শোকজ নয়, সরাসরি প্রার্থিতা বাতিল।”
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ বক্তব্য দেন।
ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচনের আয়োজনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। প্রয়োজন হলে জরিমানা ও কারাদণ্ডসহ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাঠে থাকা ম্যাজিস্ট্রেটরা প্রস্তুত থাকবেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পোস্টারবিহীন নির্বাচন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য কমিশনের একটি মনিটরিং সেল কাজ করবে, যারা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী উপস্থিত ছিলেন।



