tanaka
প্রচ্ছদসারাদেশহুক ভেঙে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ ৩০ মিনিট

হুক ভেঙে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ ৩০ মিনিট

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১১টার দিকে সংযোগ হুক মেরামত করে ট্রেনটি নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুই বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে পড়লে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন।

এর ফলে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংযোগ হুক মেরামত করেন। মেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।