রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। তবে আসামিদের নাম-পরিচয় জানায়নি সংস্থাটি।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।র্যাব জানায়, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।এর আগে গতকাল শনিবার রাতে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামের এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।



